সাতক্ষীরায় মসজিদের ফলক ভেঙ্গে নাম পরিবর্তনের চেষ্টার অভিযোগ!
সাতক্ষীরার চররহিমপুরে জামে মসজিদের নাম পরিবর্তনের জন্য পূর্বের নামের ফলক ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে মসজিদ কমিটির জমিদাতা পরিবারের সদস্য দেবহাটা উপজেলার চররহিমপুর গ্রামের মৃত সহিদুল ইসলামের ছেলে ইউনুছ আলী বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, তাদের পূর্ব পুরুষের দেওয়া জমিতে ১৯৬৯ সালে মসজিদটি প্রতিষ্ঠা করা হয়। সেই সময় থেকে মসজিদটি চর রহিমপুর জামে মসজিদ নামে নামকরণ করা হয়। এরপর থেকে চররহিমপুর, চরশ্রীপুরসহ আশে পাশের এলাকার মানুষ মসজিদটিতে নামাজ আদায় করে আসছে। গত ২/৩ মাস আগে সকলের সম্মতিক্রমে চররহিমপুর, চরশ্রীপুর নাম দেওয়া হয়। গত রমজান মাসে একজন দাতা মসজিদ সংস্কারের জন্য কিছু টাকা বরাদ্ধ দেন। সেই টাকা দিয়ে মসজিদের কাজ শুরু হয়।
এসময় মসজিদের পূর্বের নাম মুছে ফেলে সভাপতি আবুল হাসান গাঈন মসজিদের নাম পরিবর্তন করে শুধু তাদের এলাকার নাম দেওয়ার জন্য চাপ দিতে থাকে। বিষয়টি স্থানীয়রা স্বাভাবিক ভাবে গ্রহন না করায় তিনি একটি গ্রুপকে দিয়ে বিরোধীতা শুরু করেন সভাপতি। এরপর বিষয়টি নিয়ে ২৭মে রাত সাড়ে ১২টার দিকে চরশ্রীপুর গ্রামের মৃত কাশেম গাঈনের ছেলে বর্তমান সভাপতি আবুল হাসান গাঈন, একই এলাকার মৃত মজিদ গাঈনের ছেলে রেজাউল গাঈন, মৃত এলাহী গাঈনের ছেলে শুকুর আলী গাঈন, সিরাজুল গাঈনের ছেলে রাজু গাঈন সহ ১৫/২০ জন মিলে মসজিদের নাম লেখা টাইলস ভেঙ্গে ফেলে।
এ বিষয়ে সভাপতি আবুল হাসান গাঈন জানান, মসজিদটি ২ গ্রামে অবস্থিত হওয়ায় এর নাম চররহিমপুর, চরশ্রীপুর নামে চলছিল। কিন্তু আমরা চরশ্রীপুর নামটি আগে দেওয়ায় নিয়ে গোলযোগ চলতে থাকে। বিষয়টি নিয়ে বসাবসি করার কথা আছে। কিন্তু আমরা নাম ফলক ভাঙ্গতে যায়নি।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহা জানান, মসজিদের নাম ফলক ভেঙ্গে ফেলার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি