ফরিদপুরে ঘূর্ণিঝড়ের আঘাতে দেড় শতাধিক ঘর-বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। হাজারো গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। এতে জমির পাটসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার সকালে জেলার নগরকান্দা ও সালথা উপজেলায় এ ঘটনা ঘটে। এদিকে ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির খবর পেয়ে দুই উপজেলার প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান।
দক্ষিণ-পশ্চিম থেকে ধেয়ে আসা ঘূর্ণিঝড়ে মুহুর্তের মধ্যে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী গ্রামের দেড় শতাধিক ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছ-পালা উপড়ে পড়ে যায়। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
এদিকে ঘূর্ণিঝড়ের খবর পাওয়ার পর তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছেন, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার ও জেলা পরিষদ সদস্য মো. কামাল হোসেন মিয়া।
এসময় নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু ও সালথা উপজেলা নির্বাহী অফিসার হাসিব সরকার সাংবাদিকদের জানান, ‘ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরনসহ সার্বিক সকল প্রকার সহযোগিতার করা হবে।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি