রাজধানীর পল্টন থানার নাশকতার মামলায় ‘শিশুবক্তা’খ্যাত রফিকুল ইসলামের আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বৃহস্পতিবার (২৭ মে) ভার্চুয়ালি রফিকুলকে আদালতে হাজির দেখানো হয়। পল্টন থানার মামলায় তাকে গ্রেফতার দেখানোপূর্বক সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর ভার্চুয়াল আদালত রফিকুলকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে শুনানি শেষে তিন দিনের রিমান্ডের আদেশ দেন।
এর আগে গত ২২ এপ্রিল এ মামলায় ঢাকা মহানগর হাকিম আবু সুফিয়ান মোহাম্মদ নোমানের ভার্চুয়াল আদালত রফিকুলের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ায় গত ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানীকে তার গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা থেকে আটক করে র্যাব। পরদিন গাজীপুর মহানগরীর গাছা থানায় র্যাব বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে।
এরপর ১৩ এপ্রিল গাছা থানা পুলিশ রফিকুলের বিরুদ্ধে গাজীপুর আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন করে। পরে ১৫ এপ্রিল আদালত তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২১ এপ্রিল বাসন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় তার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বার্তাবাজার/নব