মহামারি করোনাভাইরাসের উৎস আসলে কোথায়? কারো মতে, চীনের উহান শহরের একটি ল্যাব থেকে ছড়িয়েছে এই ভাইরাস। আবার অনেকেই বলছেন প্রাণী দেহ থেকে এই ভাইরাসের সূচনা।
এবার করোনার সঠিক উৎস জানাতে গোয়েন্দাদের ৯০ দিন সময় দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক বিবৃতিতে বাইডেন গোয়েন্দা সংস্থাগুলোকে এ নির্দেশ দেন।
তিনি গোয়েন্দাদের বলেছেন, চীনের গবেষণাগার না পশুবাজার থেকে মানুষের দেহে করোনাভাইরাস প্রবেশ করেছে এ বিষয়ে তদন্ত শেষ করে তিন মাসের মধ্যে রিপোর্ট দিতে হবে। প্রয়োজনে দ্বিগুণ পরিশ্রম করতে।
হোয়াইট হাউসের দেয়া এক বিবৃতিতে বাইডেন বলেছেন, মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো এখন পর্যন্ত দুটো সম্ভাব্য উৎসের কথা বলেছে। কিন্তু তারা এ ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এ বিষয়ে একটি পূর্ণাঙ্গ, স্বচ্ছ এবং প্রমাণভিত্তিক আন্তর্জাতিক তদন্ত করার জন্য গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন বাইডেন।
চীন যাতে মার্কিং গোয়েন্দা সংস্থাগুলোকে সব ধরনের তথ্য দিয়ে সহায়তা করে সেজন্য যুক্তরাষ্ট্র সমমনা দেশগুলোর সঙ্গে একত্রিত হয়ে চীনের ওপর চাপ প্রয়োগ করবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসের জন্য চীনকেই দায়ী করেছিলেন। তিনি এই ভাইরাসকে চীনা ভাইরাস বলে অভিহিত করেছিলেন।
তিনি বলেছিলেন, করোনাভাইরাসের সংক্রমণের জন্য চীনই দায়ী। তাই চীনকে এই মহামারির দায় নিতে হবে।
বার্তাবাজার/নব