‌স্বাস্থ্যবিধি মেনে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না: রাঙ্গা

স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানো সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সভাপতি মসিউর রহমান রাঙ্গা।

তিনি বলেন, সরকারি বিধিনিষেধ পুরোপুরি মেনে গণপরিবহন চালু রাখা সম্ভব নয়। তবুও আমরা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালানোর চেষ্টা করছি। বিভিন্ন কারণে এটা অসম্ভব।

বুধবার (২৬ মে) দুপুরে রংপুর জেলা মোটর মালিক সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সংগে আলাপকালে এসব কথা বলেন মসিউর রহমান রাঙ্গা।

রাঙ্গা বলেন, সকালে ও বিকালে স্বাস্থ্যবিধি মেনে যাত্রী পরিবহন অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সকালে বেশিরভাগ মানুষ অফিসে যান। এ সময় সবাই তাড়াহুড়ো করে গাড়িতে উঠতে চান। একটা গাড়িতে একজন ড্রাইভার, একজন হেলপার ও টিকেট কালেক্টর থাকেন। তারা তো এতো যাত্রীদের সামাল দিতে পারেন না। অনেক সময় যাত্রীরা ধাক্কা দিয়ে গাড়িতে উঠে যান।

রাজস্ব মওকুফের আবেদন জানিয় রাঙ্গা বলেন, করোনায় লকডাউনে ৮৭ দিন গাড়ি চলাচল বন্ধ ছিলো। আমাদের অনেক ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। আমরা গাড়ি না চালালে সরকারকে রাজস্ব দিতে পারবো না। সরকার থেকে আমাদের প্রণোদনা দেওয়ার কথা। প্রণোদনার টাকা হাতে পেলে প্রত্যেক জেলায় পাঠানোর ব্যবস্থা করা হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর