বরিশালের বানারীপাড়ায় কাজে ব্যস্ত মায়ের পাশে রাখা বালতিতে পড়ে ফাতেমা খানম নামে ১৩ মাস বয়সী এক শিশুকন্যার মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মে) রাত সোয়া ৯টায় পৌর শহরের ৬নং ওয়ার্ডের মুসলিমপাড়ায় রিকশাচালক মাহাবুব হোসেনের বাড়ীতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে পরিবারের বরাত দিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মো. ইউনুস মিয়া গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত সোয়া ৯টার দিকে রিকসাশ্রমিক মাহাবুবের স্ত্রী রিনা বেগম খাবার খেয়ে তার শিশুকন্যা ফাতেমাকে বালতির পাশে রেখে থালা-বাটি ধোয়ার কাজ করছিলেন। এ সময় তার চোখের আড়ালে ওই শিশু বালতির পানিতে ডুবে যায়।
তিনি আরাে জানান, কাজ শেষে রিনা বেগম তার শিশুকন্যা ফাতেমাকে বালতির পানির মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দেন। এ সময় আশপাশের লোকজন এসে ওই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত ডাক্তার ওই শিশুকে মৃত ঘোষণা করেন। পরে রাত ১টায় মুসলিমপাড়া ঈদগাহ ময়দানে জানাজা শেষে ওই শিশুর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
বার্তাবাজার/ভিএস