নিষেধাজ্ঞা কাটিয়ে দীর্ঘ ৭ বছর পর ইউরোপের বাজারে আবারও পান রপ্তানি শুরু করলো বাংলাদেশ। বুধবার দুপুরে রাজধানীর শ্যামপুরে অবস্থিত কেন্দ্রীয় প্যাকিং হাউজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
কৃষিমন্ত্রী বলেন, আমাদের নিরলস উদ্যোগের ফলে ইউরোপে পান রপ্তানি আবার শুরু হয়েছে। এটি খুবই আশার কথা। ভবিষ্যতে পান রপ্তানি যাতে বাধাগ্রস্ত না হয় সে ব্যাপারে কৃষি মন্ত্রণালয় উদ্যোগ অব্যাহত রাখবে। দেশের রপ্তানি বৃদ্ধি কৃষি বড় ভূমিকা পালন করে বলে মন্তব্য করেন কৃষিমন্ত্রী।
তিনি আরও বলেন, আমাদের রপ্তানির বড় উৎস পোশাকখাত (আরএমজি)। আমরা দেশের কৃষিখাতকে এগিয়ে নিতে চাই। অচিরেই রপ্তানিতে বড় ভূমিকা রাখবে কৃষি। জাপান ইতোমধ্যে আমাদের ওল কচু, আম, মিষ্টি আলু আমদানির প্রস্তাব দিয়েছে। এর মধ্যে মিষ্টি আলু রপ্তানি শুরু হয়েছে। আমাদের পাটখড়ির ছাই রপ্তানি হচ্ছে চীনে।
প্রথম চালানে ৫৩ হাজার মেট্রিক টন পান রপ্তানির উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল।
২০১৪ সালে রপ্তানীকৃত পানে স্যালমোনেলা ভাইরাস পাওয়ায় বাংলাদেশ থেকে পান আমদানি বন্ধ ঘোষণা করেন ইউকে ফুড স্ট্যান্ডর্ডার এজেন্সি। এরপর স্যালমোনেলা ভাইরাস মুক্ত ও ৫০ভাগ পান পরীক্ষাসহ বেশ কয়েকটি শর্তে আবারও পান রপ্তানির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ইউরোপ।
বার্তাবাজার/ই.এইচ.এম