বন্ধ ফেরি, তারপরও টিকিট বিক্রি করে যাত্রীদের হয়রানি

ঘূর্ণিঝড় ইয়াস এর প্রভাবে পদ্মায় সকল নৌযান চলাচল বন্ধ ঘোষনা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। বুধবার (২৬ মে) ভোর থেকেই বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকলেও যাত্রীদের চাপ ছিল অনেক। এ সুযোগে ফেরি ছাড়ার আশ্বাস দিয়ে ঘাটে ভিড় করা যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করছেন ফেরিঘাটের ইজারাদারের লোকজন। জনপ্রতি ২৫ টাকা করে নিয়ে টিকিটও দেওয়া হচ্ছে তাদের। টিকিট কেটে পদ্মা পাড়ি দেওয়ার আশায় জীবনের ঝুঁকি নিয়ে ফেরিতে উঠে দীর্ঘ সময় অপেক্ষার পর বাড়িতে ফিরে যাচ্ছেন যাত্রীরা। তবে এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ঘাটের দায়িত্বরত কেউই কিছু বলতে রাজি হননি।

ঢাকাগামী কয়েকজন যাত্রীরা অভিযোগ করে জানান, ফেরিতে উঠার আগেই যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে। পঁচিশ টাকা করে যাত্রী ভাড়ার টিকিটও দিচ্ছে। কিন্ত ফেরি ছাড়েনি।

ঢাকাগামী এক যাত্রী অঞ্জন হাসান পবন জানান, পঁচিশ টাকা দিয়ে টিকিট কেটে ফেরিতে উঠার পর এখন বলতেছে ফেরি বন্ধ। ভাড়া নেয়ার আগে বলে নাই। তাছাড়া ইতিপূর্বে লকডাউনে নৌযান বন্ধ ঘোষণা থাকার পরেও কিন্তু নৌযান চলেছে। এই ভরসায় হাজার হাজার যাত্রী পল্টুনে ভিড় করছে। কালকে রাত থেকে অনেকে অপেক্ষা করছে অথচ তারা এখনো বসে আছে।

আরেক যাত্রী নেওয়াজ আহমেদ নঈম চৌধুরী বলেন, ঢাকায় যাওয়ার উদ্দেশ্যে ঘাটে গিয়ে দেখি অনেক ভিড়। ভাড়া দিয়ে ফেরিতে উঠি। এবং অনেকক্ষন অপেক্ষা করে বাড়ি ফিরে আসি। তবে ফেরি চলবে না তারপরও টিকিট কেটে মানুষকে মিথ্যা হয়রানি করাটা তাদের ঠিক হয়নি।

বিআইডব্লিউটিসি’র বাংলাবাজার ফেরিঘাটের অফিসিয়াল নম্বরে যোগাযোগ করলে দায়িত্বরত এক কর্তকর্তা নাম প্রকাশ না করে বলেন, যাত্রীদের ফেরিতে না উঠতে মাইকিং করা হচ্ছে। তারপরও যাত্রীরা জোর করে ফেরিতে উঠে যাচ্ছে। যাত্রীদের তো আর পিটিয়ে নামানো যায় না। তবে টিকিট বিক্রির বিষয়ে জানতে চাইলে তিনি কোন উত্তর না দিয়ে ফোন কেটে দেন।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসি’র মেরিন কর্মকর্তা (শিমুলিয়া) আহমদ আলী বার্তাবাজারকে বলেন, বিষয়টি পুলিশকে জানান।

বাংলাবাজার ঘাটের ট্রাফিক পুলিশের পরিদর্শক আশিকুর রহমান বার্তাবাজারকে বলেন, বিআইডব্লিউটিসি ঘাট ইজারা দিয়েছে। ফেরি বন্ধ থাকার পরও কেন টিকিট কাটছে এটা তারাই বলতে পারবে। তারপরও আমি খোঁজ নিচ্ছি।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর