আশুলিয়া গরুর হাটে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি

ঢাকার সাভারের আশুলিয়া গরুর হাটে মানা হচ্ছেনা সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি। বুধবার (২৬ মে) সারাদিন আশুলিয়ার খেজুরবাগান এলাকায় আশুলিয়া গরুর হাট সরেজমিন পরিদর্শন করে এবিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

খেজুরবাগান মেইন রোডের পাশেই স্থাপিত হয়েছে ছাগলের হাট। এখানে নারী-পুরুষ এবং শিশুদেরকেও মায়ের কোলে বাজারের ভিতরে দেখা গেছে। অধিকাংশ ক্রেতা এবং বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান ব্যতীত ছাগল ক্রয়-বিক্রয় করতে দেখা গেছে। আর সামাজিক দূরত্বের তো বালাই ছিলোনা। শরীরে শরীর ঘেঁষে ক্রেতা-বিক্রেতাদের অবস্থান ছিলো।

সপ্তাহে সাধারণত বুধবার হাট বসে। আশুলিয়া গরুর হাটটি ফরিদ মাদবর নামের এক ব্যক্তি সম্প্রতি সরকার থেকে ইজারা নিয়েছেন। তিনি ইজারা নেবার পরে আজ (বুধবার) ছিলো দ্বিতীয় হাট।

সরেজমিন আশুলিয়া গরুর হাটে গিয়েও দেখা গেছে মাস্কবিহীন ক্রেতা-বিক্রেতার সমাগম। অনেকে মাস্ক পরলেও অধিকাংশদেরকেই মাস্ক ছাড়া দেখা গেছে। এছাড়া পুরো বাজারে কোথাও সাবান দিয়ে হাত ধোয়ারও কোনো ব্যবস্থা রাখা হয়নি। তবে ইজারাদারের পক্ষে আশুলিয়া গরুর হাট বাজার কর্তৃপক্ষ মাইকে সবাইকে মাস্ক পরিধান সহ সামাজিক দূরত্ব বজায় রাখতে বললেও ক্রেতা-বিক্রেতারা সেদিকে কোনো কর্ণপাতই করেনি।

তবে বুধবার আশুলিয়া গরুর হাটে সেভাবে বিক্রী হয়নি বলে জানালেন বিভিন্ন এলাকা থেকে আসা গরু বিক্রেতারা। এই প্রতিবেদককে বক্তব্য দেবার সময়েও বিক্রেতাদের মুখে মাস্ক ছিলোনা।

আশুলিয়া গরুর হাটের ইজারাদার ফরিদ মাদবরের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি বিধায় হাটে সরকারি স্বাস্থ্য বিধি মানার বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। আর হাটে কর্মরত ইজারাদারের পক্ষের লোকেরাও বক্তব্য প্রদানে অনীহা প্রকাশ করেন।

প্রায়ই দেখা যায়, গরুর হাটকে ঘিরে চলে বড় ধরনের বাণিজ্য৷ এরসাথে বিপুল মধ্যস্বত্বভোগী জড়িত৷ হাটের ইজারা, হাসিল, গরুর ট্রাক বা ট্রলার থেকে চাঁদা আদায়ে প্রভাবশালীরা জড়িত থাকেন৷ হাট না বসলে বা কম বসলে তাদের আয়ে টান পড়বে৷ তাই তাদের অনেকেরই হাট বসানোতে অতি আগ্রহ দেখা যায়।

বুধবার (২৬ মে) আশুলিয়া গরুর হাটে একজন গরু বিক্রেতাকে হাটের ‘বিট’ না দিতে চাওয়ায় ইজারাদারের পক্ষের লোকদের সাথে বাদানুবাদ করতে দেখা গেছে।

এবিষয়ে জানতে চাইলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম জানান, অবশ্যই সরকারি স্বাস্থ্য বিধি মেনে গরুর হাট পরিচালনা করতে হবে। এর ব্যত্যয় ঘটলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর