নীলফামারীর ডিমলা উপজেলার বিভিন্ন হাট-বাজারে উঠতে শুরু করেছে মৌসুমি সুস্বাদু ও রসালো ফল লিচু।
বুধবার (২৬ মে) উপজেলা সদরের বাবুরহাট বাজারের ফলহাটি, কাউসা বাজার, শুটিবাড়ী মোড়, উপজেলা মোড়, বাজারের ভিতরে কেনাকাটার সরু গলিগুলোতে সারি বেধে লিচুর ডালি নিয়ে বসেছেন বিক্রেতারা। রঙিন লিচু তাদের ডালিগুলোতে শোভা পাচ্ছে। প্রতি একশ পিস লিচু বিক্রি করা হচ্ছে ১৫০ থেকে ২৫০ টাকা দরে।
মে মাসের প্রথম সপ্তাহ থেকে আগাম জাতের টক-মিষ্টি স্বাদের লিচু বাজারে আসতে শুরু করেছে। যা আকারে বোম্বাই বা মাদ্রাজি জাতের চেয়ে অনেক ছোট। এরপর বাজারে আসবে বারি-২ ও বারি-৩। বারি জাতের লিচু এক থেকে দেড় সপ্তাহের মধ্যে পেকে যায়। থাকবে জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত। এরই মাঝে আসবে বোম্বাই, চায়না-৩সহ অন্য জাতের লিচু। সব মিলিয়ে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত টসটসে রসে ভরা লিচু থাকবে বাজারে।
বাজারে লিচু কিনতে আসা মিলন মিয়া জানান, লিচু একটি মৌসুমি ফল। সেই জন্য তিনি বাজার থেকে লিচু কিনতে এসেছেন। তবে দাম কিছুটা সহনীয় হলেও লিচুগুলো এখনও পরিপক্ক না, তেমন মিষ্টিও না।
পাইকারী লিচু ব্যবসায়ী হোসেন আলী ও উপজেলা গেইটের লিচু বিক্রেতা জিয়াউর রহমান বলেন, লিচু মৌসুমি ফল হওয়ার কারণে প্রথম দিকে বাজারে প্রচুর চাহিদা রয়েছে। এ কারণে কৃষকরা বাড়তি লাভের আশায় লিচু পরিপক্ক না হওয়ার আগে বিক্রি করে দিচ্ছেন।
পাইকারীতে লিচুগুলো ৮০ থেকে ১৫০ টাকা দরে কিনেছেন। লিচুগুলো উপজেলার বিভিন্ন গ্রামের লিচু বাগান মালিক থেকে সংগ্রহ করে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে। তবে এখনও আসল লিচু বাজারে আসেনি বলে জানান লিচু ব্যবসায়ীরা।
তারিকুল ইসলাম সোহাগ/বার্তাবাজার/পি