বাংলাদেশের তৃতীয় ওয়ানডের দলে ডাক পেলেন নাঈম শেখ

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আগামী ২৮ মে সিরিজের শেষ ওয়ানডে ম্যাচে মাঠে নামবে দুইদল।

শেষ ম্যাচের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম দুই ওয়ানডের স্কোয়াড ছিল ১৫ জনের। সেই ১৫ জনকে রেখে নাঈম শেখকে যুক্ত করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

প্রথম দুই ওয়ানডেতে স্ট্যান্ড বাই হিসেবে ছিলেন নাঈম শেখ। এবার শেষ ওয়ানডের মূল স্কোয়াডে জায়গা পেলেন তিনি। প্রথম দুই ম্যাচে একাদশে জায়গা পেলেও ওপেনিংয়ে ব্যর্থ হন লিটন দাস। তার পরিবর্তে শেষ ম্যাচে নাঈমকে ওপেনিংয়ে দেখা যেতে পারে।

আগামী ২৮ মে সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে ম্যাচটি। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

শেষ ওয়ানডের জন্য বাংলাদেশ স্কোয়াড: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মেহেদি হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাঈম শেখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর