করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে চলমান লকডাউন বা বিধিনিষেধের কারণে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ানো হয়েছে। আগামী ২৯ মে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি শেষ হওয়ার কথা থাকলেও তা বাড়িয়ে ১২ জুন পর্যন্ত করা হয়েছে।
আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
বুধবার (২৬ মে) দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি ও শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, আগামী ১৩ জুন থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে খুলে দেওয়া নির্ভর করছে শিক্ষক-শিক্ষার্থীদের টিকা নেওয়ার ওপর।
শিক্ষামন্ত্রী বলেন, আমাদের সব প্রস্তুতি নেয়া হয়েছে। নতুন করে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি না হলে সেদিন থেকে শিক্ষার্থীদের সশরীরে উপস্থিতিতে পাঠদান কার্যক্রম শুরু করা হবে।
তিনি বলেন, যদি ১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে পারি, সেক্ষেত্রে ২০২১ সালের এসএসসি, এইচএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তারা হয়তো সপ্তাহের ছয়দিন ক্লাসে আসবে। অন্য ক্লাসগুলোর একদিন ক্লাস হবে এবং পর্যায়ক্রমে এটা বাড়ানো হবে।
দীপু মনি বলেন, স্কুল কলেজ খোলার ব্যাপারে আমরা বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে কাজ করছি। করোনা মোকাবিলায় যে পরামর্শক কমিটি রয়েছে আমরা তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে থাকি।
তিনি আরও বলেন, করোনা সংক্রমণের হার কমে আসলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া সম্ভব। এখন আমরা দেখছি ৫ শতাংশ উপরে রয়েছে। আমাদের এসব বিষয় মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হয়। দেশের বিভিন্ন জায়গায় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন হচ্ছে, এসব বিষয়গুলো মাথায় রাখতে হয়।
বার্তাবাজার/নব