আইসিসি ওয়ানডে র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ, সেরা দশে মুস্তাফিজ

আইসিসি ওয়ানডে বোলারদের র‍্যাঙ্কিংয়ে দুই নম্বর পজিশনে জায়গা করে নিলেন মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করার পুরস্কার পেলেন তিনি।

লঙ্কানদের বিপক্ষে প্রথম ম্যাচে ১০ ওভার বোলিং করে ২ মেডেনসহ ৩০ রান খরচ করে ৪ উইকেট শিকার করেছিলেন মিরাজ। দ্বিতীয় ম্যাচে ১০ ওভার হাত ঘুরিয়ে ২৮ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন তিনি।

দুর্দান্ত এই পারফরম্যান্সের কারণে ৭২৫ রেটিং নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠে এসেছেন মিরাজ। ৩ ধাপ এগিয়ে দুইয়ে জায়গা করে নিয়েছেন মিরাজ। তার চেয়ে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আছেন নিউজিল্যান্ডের তারকা পেসার ট্রেন্ট বোল্ট।

অন্যদিকে সেরা দশে জায়গা করে নিয়েছেন মুস্তাফিজুর রহমান। তিনি ৬৫২ রেটিং নিয়ে আট ধাপ এগিয়ে নয় নম্বর পজিশনে উঠে এসেছেন।

সিরিজের প্রথম ম্যাচে মুস্তাফিজ ৯ ওভারে ৩৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। আর দ্বিতীয় ম্যাচে ৬ ওভার বোলিং করে ১৬ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন তিনি। যেখানে ১টি মেডেন ওভার রয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর