কোনো বাংলাদেশি ইসরায়েলে গেলে শাস্তি পেতে হবে: পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকার করি না। বাংলাদেশের কেউ সেখানে যেতে পারবে না। কোনো বাংলাদেশি সেখানে গেলে শাস্তি পেতে হবে।
বুধবার (২৬ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে ফিলিস্তিনিদের জন্য ওষুধসামগ্রী উপহার হস্তান্তর করেন পররাষ্ট্রমন্ত্রী। অনুষ্ঠানে ফিলিস্তিনকে ৪০ লাখ টাকা মূল্যের ওষুধসামগ্রী উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ফিলিস্তিনের পরীক্ষিত বন্ধু। ১৯৭২ সাল থেকেই আমরা তাদের পাশে থেকেছি। ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাংলাদেশ কাজ করে যাবে।
বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের কোনো কোনো গণমাধ্যম পাসপোর্ট সংশোধন নিয়ে বিভ্রান্তি তৈরি করছে। তবে ইসরায়েল নিয়ে আমাদের অবস্থান স্পষ্ট। ফিলিস্তিন নীতিতে আমাদের অবস্থান পরিবর্তন হয়নি।
বার্তাবাজার/নব