বাংলাদেশের উপকূল অতিক্রম করতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। বাংলাদেশে এই ঘূর্ণিঝড়ের আঘাত হানার সম্ভাবনা নেই। এ কারণে দেশের উপকূলীয় অঞ্চলে ক্ষয়ক্ষতির সম্ভাবনাও কম।
তবে ঘূর্ণিঝড় ও পূর্ণিমার কারণে জোয়ারের পানিতে উপকূলীয় এলাকার নিম্নাঞ্চল কিছুটা প্লাবিত হতে পারে। ইয়াসের প্রভাবে স্বাভাবিকের চেয়ে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
বুধবার (২৬ মে) গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক কাওছার পারভীন।
তিনি বলেন, বাংলাদেশে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাত হানার কোনো সম্ভাবনা নেই। এরই মধ্যে ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম শুরু করছে এটি। আমরা এখন ঘোষণা দেব।
কাওছার পারভীন বলেন, এই ঘূর্ণিঝড়ে যা ক্ষয়ক্ষতি হওয়ার তা ভারতের অংশে হবে। বাংলাদেশ একটু প্লাবিত হবে, আর কিছু না। পূর্ণিমা আছে, তার সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩-৬ ফুট অধিক উচ্চতার জোয়ারের পানি প্রবাহিত হতে পারে।
তিনি আরও বলেন, দেশের উপকূলে একটু বাতাস আছে। এরই মধ্যে ঘূর্ণিঝড় উপকূলে ওঠছে। দুপুর ১২টা নাগাদ একটু বাতাস বাড়বে, কিন্তু খুব বেশি হবে না। বাতাসে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা খুব কম।
বার্তাবাজার/নব