ইসরায়েলকে স্বীকার করি না, ফিলিস্তিনের পক্ষে কাজ করে যাব: পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল প্রসঙ্গ বাদ দেওয়া নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, পাসপোর্টের সঙ্গে পররাষ্ট্রনীতির কোনো সংঘর্ষ নেই। ইসরায়েলকে আমরা রাষ্ট্র হিসেবে স্বীকার করি না।

তিনি বলেন, ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আগের মতো রয়েছে। ফিলিস্তিনি জনগণের সমর্থনে বাংলাদেশ কাজ করে যাবে।

বুধবার (২৬ মে) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদানের হাতে ফিলিস্তিনিদের জন্য চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর শেষে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

তিনি আরও বলেন, বাংলাদেশের কোনো নাগরিক ইসরায়েলে যেতে পারবেন না। কারণ বাংলাদেশ কখনো ইসরায়েলকে দেশ হিসেবে স্বীকার করে না।

স্বাধীনতার পর থেকে বাংলাদেশ সরকারের পাসপোর্টে লেখা ছিল- ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড এক্সসেপ্ট ইসরায়েল’। যার মানে এই পাসপোর্টের মাধ্যমে ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশেই ভ্রমণ করা যাবে।

কিন্তু নতুন ইস্যু করা ই পাসপোর্টে এখন লেখা থাকছে ‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ অব দ্য ওয়ার্ল্ড’। যার মানে এই পাসপোর্ট বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর