ভোলায় ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে প্রাণ গেল একজনের

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতি প্রবল ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট ঝড়ে ভোলায় গাছচাপায় আবু তাহের (৪৯) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মে) রাতে লালমোহন উপজেলার কালামা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমোহন থানার ওসি মো. মাকসুদুর রহমান মুরাদ।

স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে লালমোহনে ঝড়ো বাতাস বইতে থাকে। রাত সাড়ে ১০টার দিকে শৌচাগারে যাওয়ার জন্য ঘর থেকে বের হয় রিকশাচালক আবু তাহের। এ সময় ঘরের পাশের একটি গাছের ডাল তার ওপর ভেঙে পড়ে এবং তিনি আহত হন।

পরে তাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে রাতেই তাহেরকে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর