প্রতারণার অভিযোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কর্মকর্তা আটক

পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে চাকরি দেয়ার নাম করে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি চক্র।

সম্প্রতি এক অভিযোগের ভিত্তিতে সেনাবাহিনীর সদস্যরা অনুসন্ধানে নেমে প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান এনারগোসপেক মন্তাজ কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সজিব খাঁনকে আটক করে পুলিশে দিয়েছে। মঙ্গলবার দুপুরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়া সজিব খাঁন উপজেলার পাকশী ইউনিয়নের রূপপুর নতুনহাট এলাকার মৃত জুনায়েদ খাঁনের ছেলে। সে এনারগোসপেক মন্তাজ কোম্পানির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা হিসেবে কর্মরত।

থানা সূত্রে জানা যায়, সজিব খাঁনের কাছে প্রতারিত হয়ে কয়েকজন চাকরিপ্রত্যাশী বেকার যুবক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নিরাপত্তা বিষয়ে নিয়োজিত সেনাবাহিনী সদস্যদের কাছে অভিযোগ করেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে অনুসন্ধান করতে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পায় সেনাবাহিনী। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে রূপপুর পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করেছে।

আরও জানা গেছে, সজিব খাঁনের হয়ে প্রাথমিক পর্যায়ে কাজ করে এনারগোসপেক মন্তাজ কোম্পানিতে কর্মরত কয়েকজন বাংলাদেশি শ্রমিক। যাদের দায়িত্ব চাকরিপ্রার্থী সংগ্রহ করা। তাদের লক্ষ্য থাকে বেকারদের টার্গেট করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে চাকরির প্রলোভন দেখানো। তারা বিভিন্ন চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের কাছ থেকে সিভি, শিক্ষাগত যোগ্যতার ফটোকপি, জন্মসনদ, নাগরিকত্বের সনদ ও পাসপোর্ট সাইজের ছবি সংগ্রহ করে।

ভুক্তভোগীরা জানান, গ্রেফতার হওয়া এই কর্মকর্তা সংঘবদ্ধভাবে চাকরি দেয়ার নামে প্রতারণা করে আসছিল। চলতি মাসে প্রায় ৪০ জনের কাছ থেকে হাতিয়ে নিয়েছে মোটা অংকের টাকা।

লিমন নামে এক ভুক্তভোগী জানান, বেকারত্বের সুযোগ নিয়ে করোনাকালীন দুর্যোগময় মুহূর্তে যে ক্ষতি করেছে তা দুঃখজনক। আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে তদন্ত করে এর ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি।

রূপপুর পারমাণবিক ফাঁড়ির ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক (এস আই) আতিকুল ইসলাম বলেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর