সরকারের চাইতে রিকশাচালকেরা বেশি শক্তিশালী: মান্না

সব রিকশাচালক যদি একসঙ্গে রাস্তায় নামেন, তাহলে সরকারই থাকবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। রিকশাচালকেরা সরকারের চাইতেও শক্তিশালী বলে তিনি মন্তব্য করেন।

মঙ্গলবার (২৫ মে) বিকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে রিকশাচালক, ভ্যানচালক, ফেরিওয়ালা ও ফুটপাতের ছোট দোকানদারদের জন্য বিশেষ গণস্বাস্থ্যবিমা ও খাদ্যসহায়তার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, রিকশাচালকেরা খাইতে পান না, চিকিৎসা পান না, ঘরবাড়ি নেই, থাকার জায়গা নেই। জাফরুল্লাহ চৌধুরী তাঁদের চিকিৎসার জন্য ব্যক্তিগতভাবে একটা ব্যবস্থা করছেন। আপনাদের স্বাস্থ্যবিমার জন্য ২০০ টাকা লাগবে। সরকার যদি টাকা দেয়, তাহলে স্বাস্থ্যবিমা ১০০ টাকায়ও হতে পারে। সরকার যদি গার্মেন্টস মালিকদের ১০ হাজার কোটি টাকা দিতে পারে, তাহলে আপনাদের জন্য ১০০ টাকা করে দিতে পারবে না?’

অনুষ্ঠানে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্ট্রি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমরা চাই, আপনাদের দরিদ্র রিকশাচালকদের সন্তান বিশ্ববিদ্যালয়ে পড়ুক, পয়সা লাগবে না। আমরা ব্যবস্থা করব। আপনাদের ব্যথা সরকার বোঝে না। রিকশায় মোটর লাগাতে দেওয়া উচিত। এতে আপনার কষ্ট হবে না। আর টাকার ব্যবস্থা করে দিতে চাই যেন রিকশার মালিক হতে পারেন।’

তিনি বলেন, চিকিৎসাতে আপনাদের অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা এমন একটা ব্যবস্থা করতে পারি, ডাক্তার দেখাতে আপনার এক পয়সাও খরচ হবে না। এখানে বিনা পয়সায় ডাক্তার দেখানো হবে। এ জন্য মাসে ২০০ টাকা চাঁদা দিতে হবে।’

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর