ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে পশ্চিমবঙ্গের কোলকাতার বিমানবন্দর। মঙ্গলবার (২৫ মে) বিমানবন্দর কর্তৃপক্ষ সব ধরণের বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে।
তারা জানায়, বুধবার (২৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট পর্যন্ত বিমান চলাচল বন্ধ থাকবে।
এদিকে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে , মঙ্গলবার (২৫ মে) রাতেই অতিমাত্রায় শক্তিশালি ঘূর্ণিঝড়ে পরিণত হতে যাচ্ছে ঘূর্ণিঝড় ইয়াস। গত ছয় ঘণ্টায় স্থলভাগের আরও কাছে চলে এসেছে ইয়াস। তার আগেই শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। পরবর্তী ছয় ঘণ্টায় তা ‘অতি শক্তিশালী’ হওয়ার সম্ভাবনা রয়েছে।
জানা যায়, ওড়িষ্যার পারাদ্বীপ থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িষ্যার বালেশ্বর থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ-পূর্ব,পশ্চিমবঙ্গের দিঘা থেকে ২৯০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং সাগর দ্বীপ থেকে ২৮০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ইয়াস। তার অভিমুখ রয়েছে ওড়িষ্যার বালেশ্বরের দিকে।
বার্তা বাজার/এসজে