৫০০ টাকা দিয়েও মিলছেনা জন্ম নিবন্ধন সনদ
সরকার নির্ধারিত ফি এর দশ গুণ অতিরিক্ত টাকা দিয়েও জন্ম নিবন্ধন সদন পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদের বাসিন্দাদের।
মঙ্গলবার (২৫ মে) দুপুরে সরেজমিনে ওই ইউনিয়ন পরিষদে গিয়ে দেখা যায়, ভুক্তভোগী এলাকাবাসীরা অতিরিক্ত ফি আদায় এর জন্য ইউনিয়ন পরিষদে বিক্ষোভ করছেন। তাদের অভিযোগ, ইউনিয়ন পরিষদের ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মতিয়ার রহমান রিপন একটি জন্ম নিবন্ধন সনদ এর জন্য দাবী করছেন ৪০০-৯০০ টাকা।যেখানে সরকার নির্ধারিত ফি, জন্ম থেকে পাঁচ বছর পর্যন্ত ২৫ টাকা, পাঁচ বছর তদূর্ধ্ব ৫০ টাকা এবং তারিখ সংশোধনী ফি ১০০ টাকা।
এসময় মহেন্দ্রনগর ইউনিয়ন এর সাতপাটকি গ্রামের মোঃ জামাল হোসেন জানান, দুটি জন্ম নিবন্ধন সনদ এর জন্য তাকে গুনতে হয়েছে ৮০০ টাকা কিন্তু তারপরেও সনদ পেতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাকে। অপর একজন সুমন চন্দ্র রায় জানায়, ইউনিয়ন পরিষদ ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মতিয়ার রহমান রিপন উপরি টাকা ছাড়া কোন কাজই করেনা। কেউ যদি বিরোধিতা করে তাহলে তাকে নানানভাবে হুমকি ধামকি দেয়া হয় এবং হয়রানি করানো হয়।
এবিষয়ে ওই ইউনিয়ন পরিষদের সচিব আব্দুর রহিম এর সাথে কথা বললে তিনি বলেন, এই বিষয়ে আমিও জানতে পেয়েছি কিন্তু কেউ এখনো অভিযোগ করেনি আমাকে তাই কোন ব্যবস্থা নেয়া হয়নি।
এদিকে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ প্রমাণ করে ই-তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা মতিয়ার রহমান রিপন বার্তাবাজারকে বলেন, এসব অভিযোগ ভিত্তিহীন ও বানোয়াট।নির্ধারিত ফি তেই কাজ করা হচ্ছে।
উক্ত ঘটনায় লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উত্তম কুমার রায় বার্তাবাজারকে জানান, বিষয়টি জানতে পেয়েছি।লিখিত অভিযোগ পেলেই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই রিপোর্টটি লেখা পর্যন্ত জানা যায়,ভুক্তভোগী এলাকাবাসীরা গণ সাক্ষর নিয়ে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করার প্রস্তুতি গ্রহণ করছেন।
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/ভিএস