শেষ ২ ওভারে ডি/এল নিয়মে ১১৯ রানের লক্ষ্যে খেলতে নেমে স্বাভাবিকভাবেই তা পারেনি শ্রীলংকা। ১৪১ রানে ৯ উইকেট হারিয়ে ৪০ ওভারে এসে থেমেছে তাদের ইনিংস। এর মধ্য দিয়ে ১০৩ রানের বিশাল ব্যবধানে জয়ের মাধ্যমে সিরিজ চলে এল বাংলাদেশের হাতে। প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতার স্বাদ পেলো টাইগাররা।
বৃষ্টির হানা দেওয়া ম্যাচে আগে ব্যাট করতে নেমে ৪৮.১ ওভারেই সব উইকেট হারিয়ে ২৪৬ রান করে টাইগাররা। মাঝারি এই লক্ষ্যে ব্যাট হাতে মাঠে নামে সফরকারীরা। কিন্তু বোলিং-এ আক্রমনের পর আক্রমণে ম্যাচটা নিজেদের করে নিয়েছে স্বাগতিকরা। শ্রীলংকার কারও নামের পাশে করতে দেয়নি অর্ধশতকের স্কোরও।
বাংলাদেশের পাঁচ বোলারের সামনে তিল পরিমাণ চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেননি লঙ্কান ব্যাটসম্যানরা। ৩টি করে উইকেট নেন মেহেদী হাসান মিরাজ (৩/২৮) ও মোস্তাফিজুর রহমান (৩/১৬)। ৩৮ রানে ২ উইকেট নেন সাকিব আল হাসান।
বাংলাদেশের ইনিংসে কয়েকবার হানা দেয় বৃষ্টি। শ্রীলঙ্কার ইনিংসে ৩৮তম ওভার শেষে আবারও বৃষ্টি নামায় বন্ধ হয়েছিল খেলা। তখন শ্রীলঙ্কার সংগ্রহ ছিল ৯ উইকেটে ১২৬।
ডি/এল নিয়মে খেলা ৪০ ওভারে নামিয়ে এনে বাকি ২ ওভারে জয়ের জন্য ১১৯ রানের অসম্ভব লক্ষ্য বেঁধে দেওয়া হয় শ্রীলঙ্কাকে। এই ২ ওভারে ১৫ রান তুলতে পেরেছে শ্রীলঙ্কা।
বার্তা বাজার/এসজে