ব্যবসায়ীকে কুপিয়ে রামদা হাতে দুই যুবকের হিন্দি গানের তালে নাচ (ভিডিও)
কুমিল্লার চৌদ্দগ্রামে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় এক যুবককে রামদা দিয়ে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। উপজেলার কোমারডোগা গ্রামে এই ঘটনা ঘটে। হামলার শিকার ওই ব্যক্তির নাম দেলোয়ার হোসেন। তিনি স্থানীয় একজন ব্যবসায়ী।
এই ঘটনায় সোমবার (১৭ মে) ৭ জনের নামে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেন আহত ব্যক্তির স্ত্রী আয়েশা আক্তার।
মামলা দায়ের পর দায়েরকৃত মামলা তুলে নিতে সম্প্রতি রামদা হাতে ভয়ভীতি দেখানো শুরু করে দুইজন যুবক। তারা ধারালো রামদা হাতে নিয়ে নাচানাচি করে। আর সেই ভিডিও ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নাচানাচি করা ওই দুই যুবক হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজেশপুর গ্রামের মনির হোসেনের ছেলে মেহেদী হাসান (২৫) এবং চৌদ্দগ্রাম উপজেলার কোমরডোগা গ্রামের সিরাজ মিয়ার ছেলে রাসেল মিয়া (২৩)।
তারা উভয়ই ব্যবসায়ী দেলোয়ারকে কোপানোর ঘটনায় দায়ের করা মামলার আসামি। ভিডিওতে হিন্দি গানের তালে তালে তাদের উল্লাস করতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হলে মঙ্গলবার (২৫ মে) ভোরে মেহেদী হাসানকে কোমারডোগা এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশীয় অস্ত্রসহ নাচানাচির বিষয়টি যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া মেহেদী হাসান নামে ওই যুবক মাদক ব্যবসার সঙ্গে জড়িত। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
বার্তা বাজার/এসজে