বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নিবে: ‘পাসপোর্ট’ ইস্যুতে ফিলিস্তিনকে পররাষ্ট্রমন্ত্রী
পাসপোর্ট থেকে ইসরাইল শব্দ বাদ দেওয়ায় ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বক্তব্যে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। মঙ্গলবার (২৫ মে) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মন্ত্রী বলেন, বাংলাদেশের সিদ্ধান্ত বাংলাদেশ নেবে। অন্য কে কী বলল ইট ইজ টোটালি ইরেলিভেন্ট (একেবারেই অপ্রাসঙ্গিক)।
একাডেমির এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান।
এর আগে সোমবার (২৪ মে) সন্ধ্যার দিকে এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রদূত ইউসেফ রামাদান ‘ইসরাইলের প্রতি বিধিনিষেধের কথা উঠিয়ে নেওয়া’ প্রসঙ্গে বলেন, এ ঘটনায় আমরা খুশি হতে পারিনি কিন্তু এটা বাংলাদেশের সিদ্ধান্ত। আমি এটাকে রাজনৈতিকভাবে দেখতে চাই না। বিষয়টিকে বাংলাদেশের সরকারকে আবারো বিবেচনার অনুরোধ জানাই।
তবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশের পাসপোর্ট যেন ‘আন্তর্জাতিক মানের’ হয় সেজন্যই এ পরিবর্তন আনা হয়েছে।
কিন্তু ফিলিস্তিনি রাষ্ট্রদূত বলেন, ‘আপনি কি বলছেন যে গত ৫০ বছর ধরে বাংলাদেশি পাসপোর্ট আন্তর্জাতিক মান বজায় রাখেনি। ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো দেশ যারা পাসপোর্টে ইসরাইলের ওপর নিষেধাজ্ঞা উল্লেখ করছে তাদের পাসপোর্ট কি আন্তর্জাতিক মানসম্পন্ন নয়?’
ফিলিস্তিনি রাষ্ট্রদূতের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোন দেশের রাষ্ট্রদূত কী বললেন না বললেন দিজ ইজ ইরেলিভেন্ট টু মি। উই মেনটেইন আওয়ার ফরেন পলিসি। আমরা সার্বভৌম রাষ্ট্র। আমরা কী করি না করি আমরা ডিসাইড (নির্ধারণ) করব।
বার্তা বাজার/এসজে