৮৩ বছরের অসুস্থ বৃদ্ধাকে গণধর্ষণ

শরীয়তপুরের ডামুড্যায় ৮৩ বছর বয়সী এক অসুস্থ বৃদ্ধাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে সামিম ও হাসান নামে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ডামুড্যা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই বৃদ্ধা। সোমবার (২৪ মে) দিনগত রাতে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত সামিম বেপারীর (২৭) বাবার নাম আরমান বেপারী। অপর অভিযুক্ত তারই বন্ধু হাসান মাদবরের বাবার নাম শহীদ মাদবর। তাদের উভয়ের বাড়িই উপজেলার শিধলকুড়া ইউনিয়নে।

জানা যায়, সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে ওই বৃদ্ধা নারীর ঘর থেকে চিৎকার শুনে পাশের ঘরের লোকজন ছুটে আসে।তারা এসে ঘরে ঢোকার চেষ্টা করলেও ভেতরে থেকে দড়জা আটকানো থাকানোর কারণে ঢুকতে পারেনি। তখন সামিম ও হাসান পেছনের দড়জা ভেঙে পালিয়ে যায়। তাদেরকে ধাওয়া করেও ধরা যায়নি।

ধর্ষণের শিকার বৃদ্ধা জানান, বহু বছর আগে আমার স্বামী মারা যাওয়ায় ও মেয়েদের বিয়ে হয়ে যাওয়ায় আমি ঘরে একাই থাকি। অসুস্থ থাকায় গতরাতেও শুয়ে পড়েছিলাম। আমার ঘরে মাঝে মধ্যে রাতে এসে পুলিশের তাড়া খেয়ে সামিম ঘুমাতো। গতরাতেও তাকে পুলিশে ধাওয়া করেছে বলে আমার কাছে আশ্রয় চায়। আমিও তাকে সরল মনে ঘরে জায়গা করে দেই।

তিনি বলেন, আমি ঘুমিয়ে পড়ার পর আচমকা তারা আমার ওপর আক্রমণ করে। মুখ চেপে রাখায় আমি চিৎকার করলেও শব্দ বের হয়নি। হঠাৎ মুখ ছুটে যাওয়ায় জোরে চিৎকার করি। পাশের ঘরের দু’জনসহ আরো অনেকে ছুটে আসে।

পাশের বাড়ির এক নারী জানান, রাত প্রায় ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। তখন আমি শুনতে পাই পাশের ঘরের নারী আস্তে আস্তে চিৎকার করছে। আমি মনে করেছিলাম অসুস্থ হয়ে এমনটা করছে। অনেক সময় পর তাকে সাহায্য করার জন্য এগিয়ে গেলে হঠাৎ বলে ওঠে, তোরা কে কোথায় আছত, আমারে বাঁচা, সামিম আর হাসান আমাকে মেরে ফেলতাছে। আমি দরজা ধাক্কা দিলে বন্ধ থাকায় খোলে না। পরে তিনি জানান, ওরা পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছে। দৌড়ে পিছন গেলে দেখি দুই জন দৌড়ে যাচ্ছে। কিন্তু অন্ধকারে চিনতে পারিনি। ঘরে ঢুকে তাকে অজ্ঞান ও বিবস্ত্র অবস্থায় খাটে পড়ে থাকতে দেখি।

সামিমের দাদা সামসুল ইসলাম (৭৮) বলেন, আমার নাতি নেশা পানি করে, কিন্তু কোন মেয়েলী সমস্যা নেই। এলাকার মানুষ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

ডামুড্যা থানা অফিসার্স ই চার্জ (তদন্ত) প্রবীণ চক্রবর্তী বলেন, ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট আসার পর তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর