দেশে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম একজনের মৃত্যু

ভারতে মহামারি আকারে ছড়িয়ে পড়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক। এদিকে বাংলাদেশেও ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত দুইজন শনাক্ত হয়েছে। দেশে ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে।

গত ২২ মে রাজধানীর বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়। এদিকে পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, মৃত ওই ব্যক্তি অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

মঙ্গলবার (২৫ মে) বারডেম হাসপাতালের রেসপিরেটরি মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক এম দেলোয়ার হোসেন বলেন, তিন দিন আগে ৬৫ বছর বয়সী একজন রোগীর মৃত্যু হয়। এই রোগীর অনিয়ন্ত্রিত ডায়বেটিস ছিল। তার কিডনির সমস্যা ছিল। তিনি করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছিলেন। চিকিৎসার সময় বোঝা যায়নি যে, তিনি মিউকোরমাইকোসিসে আক্রান্ত ছিলেন। মৃত্যুর পর এটা জানা গেছে।

এর আগে গত ৮ মে রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে ৪৫ বছর বয়সী এক রোগীর এবং পরে গত ২৩ মে ৬০ বছর বয়সী আরেক রোগীর দেহে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হয়।

এদিকে বারডেম হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত আরেক রোগী ভর্তি আছেন। চিকিৎসকরা বলছেন, তার পরিস্থিতি উদ্বেগজনক নয়। তাকে নিয়মিত ওষুধ দেয়া হচ্ছে। ওষুধের দাম অনেক বেশি। স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তাদের সঙ্গে ওষুধের ব্যাপারে যোগাযোগ করা হয়েছে।

দেশে প্রথমবারের মতো ‘ব্ল্যাক ফাঙ্গাস’ শনাক্ত হওয়ার বিষয়ে কোনো তথ্য জানা নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে বলেন, দেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি। তবে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের বিশেষজ্ঞরাও করণীয় নির্ধারণ করছেন। শিগগিরই রোগটির চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা গাইডলাইন দেব।

ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক শ্লেষ্মাজাতীয় সংক্রমণ। মুখ, নাক, চোখের কক্ষপথ এমনকি মস্তিষ্ককেও প্রভাব ফেলতে পারে কালো ছত্রাক। শরীরে প্রবেশ করে দৃষ্টিশক্তি কমিয়ে দেয় কালো ছত্রাক। এটি ফুসফুসে ছড়িয়ে যেতে পারে।

কালো ছত্রাক সংক্রমণের ফলে নাকের রং বদলে যাওয়া, মুখের একপাশে ব্যথা, দাঁত ব্যথা, চোখে কম দেখা, বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট হতে পারে। কাশির সঙ্গে রক্তও বের হতে পারে।

উল্লেখ্য, ভারতে ব্ল্যাক ফাঙ্গাসে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০ জন সংক্রমিত হয়েছেন। ভারতের চারটি রাজ্যে মহামারি হিসেবে ছড়িয়ে পড়েছে এই ফাঙ্গাস।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর