লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র গুলিতে মিলন ইসলাম (২৫) নামের এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার(২৫ মে) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের চওড়াটারী সীমান্তে ৯২৫ নম্বর মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী গ্রামের রাজা মিয়ার ছেলে। তিনি চওড়াটারী সীমান্তে তার নানা মৃত আফজাল মিয়ার বাড়িতে থাকেন।
গুলিবিদ্ধ মিলনকে স্থানীয়রা উদ্ধার করে আজ সকালে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করেছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মোস্তাকিন আলী।তিনি আরও জানান, ‘গুলিবিদ্ধ মিলনসহ বেশ কয়েকজন বাংলাদেশি আজ মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ভারতের পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার দিনহাটা থানা এলাকায় অনুপ্রবেশ করেন। সেসময় ভারতের ১০০ বিএসএফ ব্যাটেলিয়নের পদ্মা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া ও গুলি করেন।এসময় পালাতে গিয়ে মিলন ইসলাম তার পিঠে গুলিবিদ্ধ হলে সহকর্মীরা তাকে নিয়ে বাংলাদেশে চলে আসেন।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালমনিরহাট ১৫ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র দুর্গাপুর বিওপি ক্যাম্প কমান্ডার হাবিলদার জাহিদ হোসেন বলেন, ‘গুলির প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’
লালমনিরহাট সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মো. আরিফুজ্জামান জানান, ‘সীমান্তে গুলিবিদ্ধ মিলন ইসলামের অবস্থা খুবই গুরুতর। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় এখন তার পালস পাওয়া যাচ্ছে না। তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্যে তার পরিবারের সদস্যদের বলা হয়েছে।’
প্রদীপ কুমার আচার্য্য/বার্তাবাজার/ই.এইচ.এম