বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাগেরহাটের নদী-খালের পানি বেড়েছে। এই পানি আরও বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।
মঙ্গলবার (২৫ মে) সকাল ৮টা থেকে মোরেলগঞ্জের পানগুছি, শরণখোলার বলেশ্বর, বাগেরহাটের ভৈরব, মোংলার পশুর, দড়াটানাসহ সকল নদীর পানি স্বাভাবিক জোয়ারের থেকে এক দেড়-ফুট বেড়েছে।
শরণখোলা উপজেলার বলেশ্বর নদীর তীরের বাসিন্দা স্থানীয় ইউপি সদস্য হালিম শাহ বলেন, সকাল থেকে জোয়ারের পানি বাড়ছে। গতকালের থেকে অন্তত ২ ফুট পানি বেড়েছে। পানি বাড়ার সঙ্গে আমাদের আতঙ্ক বৃদ্ধি পাচ্ছে।
পানগুছি নদীর তীরের বাসিন্দা মো. মোশাররফ হোসেন বলেন, সকাল থেকে নদীর পানি বাড়তে শুরু করেছে। সময় যত গড়াবে এই পানি ততই বাড়তে থাকবে। পূর্ব অভিজ্ঞতা যেটা বলে দুপুর নাগাদ আরও দুই-তিন ফুট পানি বাড়বে।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিশ্বজিৎ বৈদ্য বলেন, সর্বশেষ পূর্ণ জোয়ারে বাগেরহাটের বিভিন্ন নদীতে সমুদ্রপৃষ্ঠ থেকে পানির উচ্চতা ছিল দুই দশমিক ১০ মিটার। এখনও পূর্ণ জোয়ার হয়নি। এখন এক দশমিক ৩৮ মিটার পানি রয়েছে। দুপুর ১২টা নাগাদ পূর্ণ জোয়ারে এই পানির লেভেল আরও বাড়তে পারে। তবে কী পরিমাণ বাড়বে অথবা এটা বিপদসীমা অতিক্রম করবে কিনা তা এখন বলা যাচ্ছে না।
বার্তাবাজার/নব