ঢাকার সাভার উপজেলায় নতুন করে আরও দুইজন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। সোমবার (২৪ মে) রাতে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল (এমওডিসি) ডা. মো. আরমান আহমেদ বার্তা বাজারকে এ তথ্য নিশ্চিত করেন।
ডা. মো. আরমান আহমেদ বলেন, সর্বশেষ গত ২২ মে, ২০২১ তারিখের নমুনা সংগ্রহের রিপোর্ট আমরা পেয়েছি। ওইদিন সাভারে মোট ৫০ জনের নমুনা সংগ্রহ হয়েছিলো, এদের ভিতর ২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তবে আক্রান্তদের সকলেই নিজ বাড়িতে ‘আইসোলেশনে’ রয়েছেন। বর্তমানে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো কোভিড-১৯ পজিটিভ রোগী ভর্তি নেই বলেও তিনি জানান।
প্রসঙ্গত, গত ৮ মার্চ, ২০২০ থেকে ২৩ মে, ২০২১ তারিখ পর্যন্ত সাভার উপজেলায় সর্বমোট ১৫৯৩০ জনের নমুনা সংগ্রহ হয়েছে। এদের ভিতর মোট ২৪০৪ জন কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছেন। সাভারে আক্রান্তদের মধ্যে এপর্যন্ত মোট ৪৩ জন পজিটিভ রোগী মারা গেছেন। এই ৪৩ জনের মধ্যে ১১ জনের নমুনা সংগ্রহ হয়েছে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস