ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার (২৪ মে) বিকালে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ।

নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাহাড়া গ্রামের শুকুর সর্দারের স্ত্রী নাসিমা বেগম (৪০) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার দাইয়ারচর গ্রামের চাঁনমিয়া সওদাগরের ছেলে আবুল কালাম সওদাগর (২৮)।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ওমর ফারুক বলেন, নিহত নাসিমা বেগম ও আবুল কালাম সওদাগর একটি মোটরসাইকেল যোগে ভাঙ্গার দিকে আসছিলেন। পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আলগী ইউনিয়নের শুয়াদী নামক স্থানে পৌঁছামাত্রই খুলনাগামী একটি অজ্ঞাত বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান নাসিমা বেগম। দূর্ঘটনায় গুরুতর আহত আবুল কালাম সওদাগরকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পধিমধ্যে তিনি মারা যান।

তিনি আরো জানান, নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রাখা হয়েছে। পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে, তারা আসলেই তাদের হাতে মরদেহ তুলে দেওয়া হবে। ঘাতক বাসটিকে শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন। তবে নিহত দুই জনের মধ্যে কি সম্পর্ক সেটি বলতে পারেননি ওসি।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর