জেলেদের চাল লুটের অভিযোগ আ’লীগ নেতার বিরুদ্ধে

পটুয়াখালীর দশমিনা উপজেলায় জেলেদের নামে বরাদ্দের ৫০ কেজি ওজনের ৩৬ বস্তা চাল লুট করার অভিযোগ উঠেছে এক আওয়ামীলীগ নেতার বিরুদ্ধে। এঘটনায় তালিকাভ’ক্ত জেলেরা চাল না পেয়ে আজ সোমবার ইউনিয়ন পরিষদ ও স্থানীয় মেম্বারের বাড়িতে ভীড় জমান।

উপজেলার রনগোপালদী ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের মেম্বার ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক বাচ্চু মীর জানান, রোববার সন্ধ্যায় তার ওয়ার্ডের ২৪০ জন জেলের নামে বরাদ্দ পাওয়া দুই মাসের চাল ইউপি ভবনের নীচে জড়ো করেন। এসময় তিন নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল ফরাজীর নেতৃত্বে ১৫/২০ জন কর্মী সমর্থক উপস্থিত হয়ে জড়ো করা চাল থেকে ৩৬ বস্তা চাল লুট করে নিয়ে যান। এসময় ইউপি চেয়ারম্যান,ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও ইউপি সচিব উপস্থিত ছিলেন। তালিকাভ’ক্ত ২৩ জেলে চাল না পেয়ে আজ সোমবার ইউপি ভবন ও স্থানীয় মেম্বারের বাড়িতে জড়ো হয়ে তাদের নামের চাল দাবী করেন।

এব্যপারে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল আজীজ এর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তবে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন হাওলাদার জানান, ঘটনা শুনেছি বাবুল ফরাজীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে।

স্থানীয় চেয়ারম্যান এটিএম আসাদুল হক নাসির সিকদার জানান, ৩৬ বস্তা না ৯/১০ বস্তা চাল নিয়েছে বাবুল ফরাজী ও খুব খারাপ মানুষ বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন বার্তাবাজারকে জানান, যারা চাল পাননি তারা লিখিত অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এব্যপারে অভিযুক্ত রনগোপালদী ইউনিয়নের তিন নম্বর ওর্য়াড আওয়ামী লীগের সাধারন সম্পাদক বাবুল ফরাজী বার্তাবাজারকে জানান, চাল লুট করার অভিযোগ সম্পূর্ন মিথ্যা।

তিনি জানান, ৮০ কেজির স্থলে জেলেদের মাঝে ৭০ কেজি করে চাল বিতরন করা হচ্ছিল, আমি নেতা কর্মীদের নিয়ে এই অনিয়মের প্রতিবাদ করায় আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে। তিনি জানান, তার নিজের নামের জেলে চাল পর্যন্ত তিনি পাননি।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর