সরকার সীমান্তের বাইরের ক্ষমতাবানদের সন্তুষ্টি অর্জনে ব্যস্ত: ফখরুল
জনগণের সমর্থন ছাড়া গঠিত এই সরকার এখন সীমান্তের বাইরের ক্ষমতাবানদের সন্তুষ্টি অর্জনে ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৪ মে) রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ বাদ দেওয়ার প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। পাশাপাশি এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীরবতাকে ‘সরকারের নীতিহীন অবস্থান’ বলেও তিনি আখ্যা দিয়েছেন।
ফিলিস্তিনিদের সংগ্রাম ও তাদের প্রতি বিএনপির পূর্ণ সমর্থন ব্যক্ত করতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ইসরায়েলী বিমানের বার বার হামলা ও ক্ষেপনাস্ত্র নিক্ষেপে যখন ফিলিস্তিনের গাজা নগরী মৃত্যুপুরীতে পরিণত হচ্ছে, ঠিক সেই সময়ে বাংলাদেশের পাসপোর্ট থেকে ইসরায়েল ভ্রমণের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেওয়া হয়েছে। যা হতাশ করেছে গোটা বিশ্ব বিবেককে।
তিনি বলেন, এর আগে তৃতীয় দেশকে ব্যবহার করে ইসরায়েল থেকে আড়িপাতার যন্ত্রপাতি আমদানি করেছে আওয়ামী লীগ সরকার। যা প্রতিনিয়ত রাষ্ট্র কর্তৃক মানবাধিকার লংঘনের অপরাধ সংঘটিত করতে ব্যবহার করা হচ্ছে। এসব নীতিহীন, অবৈধ তৎপরতা সরকার করে চলছে রাষ্ট্রের মালিক জনগণের চোখে ধুলো দিয়ে।
বিএনপির শীর্ষ এই নেতা বলেন, গত রোববার ফিলিস্তিন বিরোধী আওয়ামী লীগ সরকারের ওই সিদ্ধান্তে ইসরায়েল সরকারের অভিনন্দন-টুইটের প্রেক্ষিতে তা অস্বীকার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে সরকারের অবস্থান ঘোষণা করা হয়। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরবতা গোটা বিষয়ে সরকারের নীতিহীন অবস্থান বেরিয়ে এসেছে।
তিনি বলেন, মুসলিম ভ্রাতৃত্ব ও মানবততার পক্ষের শক্তি হিসেবে ফিলিস্তিনি নাগরিকদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াইয়ে বিজয়ী হবার আগ পর্যন্ত আমরা সার্বিকভাবে তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করছি। ইতোমধ্যে ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ করে যুদ্ধাহতদের জন্য ঔষধ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বার্তা বাজার/এসজে