গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়ার দুই ঘণ্টা পর আতাউর রহমান (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।
সোমবার বিকেল ৫টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের মোশাররফের ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
আতাউর রহমান একই ইউনিয়নের ভাটি কাপাসিয়া গ্রামের ফয়জার রহমানের ছেলে।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন কাপাসিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জালাল উদ্দিন।
স্থানীয়দের বরাত দিয়ে চেয়ারম্যান জানান, দুপুরে তিস্তা নদীর মোশারফের ঘাট এলাকায় মুঠোজাল দিয়ে মাছ ধরতে যান আতাউর রহমান। পরে হঠাৎ তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
এমন খবরে উদ্ধার তৎপরতা চালাতে থাকে স্থানীয়রা। একপর্যায়ে বিকেল ৫টায় তার মরদেহ পাওয়া যায়।
থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম বার্তাবাজারকে জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ হস্তান্তর করা হয়। এ নিয়ে থানায় ইউডি মামলা হয়েছে।
সুমন মিয়া/বার্তাবাজার/ভিএস