বিএনপি চেয়েছিল রোজিনা আরও কিছুদিন কারাগারে থাকুক: তথ্যমন্ত্রী
সাংবাদিক রোজিনা ইসলাম আরও কিছুদিন কারাগারে থাকুক বিএনপি এমনটি চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, মনে হচ্ছে রোজিনা ইসলামের মুক্তির পর মির্জা ফখরুল ইসলাম সাহেবসহ বিএনপি খুশি হয়নি। বরং তারা চেয়েছিল রোজিনা ইসলাম আর কিছুদিন কারাগারে থাকুক। তাহলে তাদের জন্য যুক্তি করাটা সুবিধা হতো। সেজন্য হয়তো রোজিনার মুক্তিতে তিনি খুশি হতে পারেনি। আমার কাছে তাই মনে হয়েছে।
সোমবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে এ কথা বলেন ড. হাছান মাহমুদ।
বাংলাদেশের পাসপোর্টে ইসরাইলে প্রবেশের নিষেধাজ্ঞা তুলে দেওয়া নিয়ে চলমান আলোচনা-সমালোচনা নিয়ে তিনি বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে।
তিনি আরও বলেন, ইসরায়েলের সাথে পৃথিবীর অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরায়েলে ভ্রমণ করে না, তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ নেই। আমাদের পাসপোর্টে তা উল্লেখ ছিল।
বার্তাবাজার/নব