অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ববি শিক্ষার্থীদের মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে অবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সাধারণ শিক্ষার্থীরা। সোমবার (২৪ মে) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইরাজ আহমেদ বলেন, দীর্ঘ দিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় আমাদের যে ক্ষতি হচ্ছে তা থেকে উত্তরণে সরকার কার্যকর কোনো ভূমিকা নিচ্ছে না। তাই আমাদের দাবি দ্রুত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হোক।

বাংলা বিভাগের শিক্ষার্থী আলামিন বলেন, প্রায় ১৪ মাস যাবৎ আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। এই দীর্ঘ সময়ে আমরা শুধু ক্যাম্পাস নয় একাডেমিক পড়াশোনা থেকে অনেকটা দূরে। এরমধ্যে অনলাইন ক্লাসের নামে আমাদের সঙ্গে শুধুই প্রহসন করেছে আমাদের শিক্ষকরা।

গণিত বিভাগের জিয়াউল হক জিহাদ বলেন, দেশের কোনো কিছু বর্তমানে বন্ধ নেই শুধুমাত্র শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়া। এমতাবস্থায় স্বাস্থ্যবিধি মেনে শিক্ষা কার্যক্রম শুরু করা সময়ের দাবি। অন্যথায় দেশের লাখ লাখ শিক্ষার্থীর জীবনে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।

উল্লেখ্য, গত বছর ১৭ মার্চ করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারি নির্দেশনা মাফিক সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়। এতে চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা যেমন বয়স নিয়ে বিপাকে রয়েছেন, তেমনিভাবে সাধারণ শিক্ষার্থীরাও সেশনজট নিয়ে ভুগছেন।

ইমদাদুল ইসলাম/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর