জেলা প্রশাসকের ফোনেই টাকা চাইছে প্রতারক চক্র

প্রযুক্তি প্রতারকদের মাধ্যমে মোবাইল নাম্বার ক্লোনিংয়ের শিকার হলেন জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম। সোমবার (২৪ মে) জেলা প্রশাসকের ব্যবহৃত মোবাইল ফোনের গ্রামীনফোন নাম্বার ক্লোন করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা চেয়ারম্যানসহ বিভিন্ন ব্যাক্তির কাছে চাঁদা দাবি করেছে একটি চক্র।

সোমবার দুপুরে ‘জেলা প্রশাসক জয়পুরহাট’ নামের একটি ফেসবুক একাউন্টে স্ট্যাটাস দিয়ে বিষয়টি সকলকে অবগত করেন। ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসে বলা হয়, জেলা প্রশাসকের মোবাইল নাম্বার ক্লোন করে প্রতারক চক্র বিভিন্ন জনের কাছে অর্থ দাবি করছে। সংশ্লিষ্ট সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। প্রতারক চক্র ফোন দিলে দয়া করে নাম্বারটি জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করবেন।

এবিষয়ে জয়পুরহাট জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম বার্তা বাজারকে বলেন, ‘উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যানসহ একাধিক কর্মকর্তার কাছে এমন ফোন এসেছে বলে আজ সোমবার বেলা সাড়ে ১১টায় জানতে পারি। তাদের ফোনে এসময় আমার মোবাইল নম্বরটি ভেসে উঠেছে। ফোন করে কয়েকজনের কাছেই টাকা চাওয়া হয়েছে। আসলে এসব ফোন কল আমার নয়।’

তিনি বলেন, ‘এসব প্রতারকের খপ্পরে পড়ে টাকা লেনদেন না করার জন্য সকলের প্রতি আহবান জানাচ্ছি। কারো কাছে এরকম ফোন গেলে তারা যেন আইনের আশ্রয় নেন এবং জেলা প্রশাসকের কার্যালয়কে অবহিত করেন।’

রিফাত আমিন রিয়ন/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর