পাসপোর্টে যাই লেখা থাকুক, বাংলাদেশিদের জন্য ইসরায়েল ভ্রমণ নিষিদ্ধ
পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েল নিষিদ্ধ বা বন্ধ থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার (২৪ মে) দুপুরে সচিবালয়ে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সভাকক্ষে রাঙ্গুনিয়া উপজেলার মানুষের জন্য বিনামূল্যে লাশবাহী ফ্রিজিং গাড়ি প্রদান (অনলাইনে) শেষে এ কথা বলেন ড. হাছান মাহমুদ।
তিনি বলেন, পাসপোর্টের এ পরিবর্তন আন্তর্জাতিক রীতির কারণে করা হয়েছে। এতে ইসরায়েলের উল্লসিত হওয়ার সুযোগ নেই। ইসরায়েলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা নেই।
ড. হাছান মাহমুদ বলেন, পাসপোর্টে যাই লেখা থাকুক না কেন বাংলাদেশি নাগরিকদের জন্য ইসরায়েলে ভ্রমণ নিষিদ্ধ থাকবে। ইসরায়েলিদের জন্যও পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসা বন্ধ থাকবে। ইসরায়েলের সাথে পৃথিবীর অনেক দেশের কূটনৈতিক সম্পর্ক নেই। তাদের নাগরিকরা ইসরায়েলে ভ্রমণ করে না, তাদের পাসপোর্ট নিয়ে। কিন্তু তাদের পাসপোর্টে সে কথাটি উল্লেখ নেই। আমাদের পাসপোর্টে তা উল্লেখ ছিল।
তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আমাদের যে নীতি, ইসরায়েলি আগ্রাসনের মাধ্যমে মানবতার বিরুদ্ধে যে অপরাধ নিয়মিতভাবে ইসরায়েল সংঘটিত করে আসছে সেটার বিরুদ্ধে বাংলাদেশের যে অবস্থান, সে অবস্থান একই জায়গায় আছে।
বার্তাবাজার/নব