ক্যারি সায়মন্ডস (৩৩) নামে এক ভদ্র মহিলার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৬)।
বৃটিশ গণমাধ্যমগুলোর মতে, তারা আগামী বছরের ৩০ জুন তাদের বিয়ের তারিখ ঠিক করেছেন। এরই মধ্যে তারা বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যদের কাছে বিয়ের তারিখ জানিয়ে কার্ড প্রেরণ করেছেন।
ক্যারি সায়মন্ডস ও বরিস জনসন জুটি ২০১৯ সাল থেকেই এক সঙ্গে থাকা শুরু করেছেন। ইতোমধ্যে তাদের একটি পুত্র সন্তানের জন্ম নিয়েছে। তাদের বিয়ে আরো আগে হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের কারণে আনুষ্ঠানিকভাবে এতো দিনেও তা সম্ভব হয়নি।
বৃটিশ গণমাধ্যম অনলাইন দ্য সান-এর তথ্যমতে, তাদের বিয়ের অনুষ্ঠান আগামী বছর ৩০ শে জুন হওয়ার কথা থাকলেও এ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা কোথায় হবে সেই ভেন্যু এখনও জানা যায়নি।
উল্লেখ্য, ২০১৯ সালের জুলাইয়ে এই যুগলের একসঙ্গে পথচলা শুরু। তারপর থেকে বৃটেনের ইতিহাসে তারাই প্রথম অবিবাহিত যুগল হিসেবে প্রবেশ করেন বৃটিশ প্রধানমন্ত্রীর ডাউনিং স্ট্রিটের বাসভবনে।
এর আগে বরিস জনসন দু’বার বিয়ে করেছিলেন। সর্বশেষ স্ত্রী মেরিনা হুইলারের সঙ্গে তার বিচ্ছেদ ঘটে ক্যারি সায়মন্ডসের সঙ্গে প্রেমের সম্পর্কের খবর রটে যাওয়ার পর। মেরিনা হুইলার দুটি কন্যা এবং দুটি সন্তানের মা।
বার্তাবাজার/ই.এইচ.এম