ভ্যাকসিন বিক্রি করে বিলিয়নেয়ার হয়েছেন ৯ কর্মকর্তা

করোনা মহামারির এক বছরে হারাতে হয়েছে অনেক কিছু। কেউ হারিয়েছে প্রিয়জন। কেউবা চিকিৎসার খরচ মেটাতে বসেছেন পথে।

অন্যদিকে, সম্পদ ফুলে ফেঁপে আরও বিত্তবান হয়েছেন এক শ্রেণীর মানুষ। মার্কিন সাময়িকী ফোর্বসের তথ্য অনুযায়ী, করোনার ভ্যাকসিন বিক্রির মাধ্যমে নতুন বিলিয়নেয়ার হয়েছেন বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের অন্তত ৯ কর্মকর্তা।

করোনার ভ্যাকসিন উৎপাদনের জেরে বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। যার কারণে শত কোটি টাকা আয় করেছেন এসব প্রতিষ্ঠানের কর্তাব্যক্তিরা। বিলিয়নেয়ার হয়েছেন মডার্না, বায়োন্টেক এবং ক্যানসিনো বায়োলজিক্সের ৯ কর্মকর্তা।

নব্য বিলিয়নেয়ারদের মধ্যে রয়েছেন মার্কিন কোম্পানি মডার্নার প্রধান নির্বাহী স্টেফানে ব্যানসেল এবং জার্মান প্রতিষ্ঠান বায়োন্টেকের উগুর সাহিন। তাদের দুজনেরই মোট সম্পদের পরিমাণ এখন ৪ বিলিয়ন ডলার বা চারশ কোটি ডলার।

এছাড়া মডার্নার চেয়ারম্যান, দুই বিনিয়োগকারী এবং তাদের ভ্যাকসিন বাজারজাতকরণের সঙ্গে জড়িত একটি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীও এই তালিকায় নাম লিখিয়েছেন। এছাড়াও আছেন চীনের ক্যানসিনো বায়োলজিক্সের তিন সহপ্রতিষ্ঠাতা।

গত বছরের প্রথম তিন মাসে ৭৬ মিলিয়ন ডলার লোকসান হলেও চলতি বছরের প্রথম তিন মাসে বায়োন্টেকের মোট মুনাফা ১ বিলিয়ন ডলারের বেশি। অন্যদিকে, বছরের প্রথম তিনমাসে মডার্নার আয় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার।

করোনা মহামারির সময়ে এত বিপুল সম্পদের অধিকারী হওয়ায় বিশ্বে বৈষম্য আরও প্রকট হয়ে উঠেছে বলে মনে করছেন সমাজকর্মীরা। সাধারণ মানুষের অর্থ দিয়ে তৈরি ভ্যাকসিনের একচেটিয়া ব্যবসার মাধ্যমে বিলিয়নেয়ার হওয়াকে অন্যায্য বলেই মনে করছেন তারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর