লক্ষ্মীপুরের রামগঞ্জে ইটভাটার ধোঁয়া নিঃসরণে ব্যবহৃত উঁচু চিমনি ধসে পড়ে ২ ভাইসহ মোট ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৭ জন।
রোববার (২৩ মে) বিকালে উপজেলার ভোলাকোত ইউনিয়নের দেহলে গ্রামের মদিনা ব্রিকসে এই দুর্ঘটনা ঘটে। ওই ইটভাটার মালিকের নাম আমির হোসেন ডিপজল। দুর্ঘটনার পরপরই তিনি দ্রুত পালিয়ে গেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন, বেলাল হোসেন (৩২), তার ভাই ফারুক হোসেন (২০) ও রাকিব হোসেন (২৮)। তারা সবাই জেলার কমলনগর উপজেলার বাসিন্দা।
জানা যায়, প্রতিদিনের মত রোববারও মদিনা ব্রিকসে কাজ করছিলেন শ্রমিকরা। বিকালের দিকে আচমকা ইটভাটার ইটের তৈরি উঁচু চিমনি ধসে পড়ে যায়। তখন এর নীচে চাপা পড়েন সেখানে কর্মরত বেলাল, ফারুকসহ অন্তত ১০ জন। ঘটনাস্থলেই তারা দু’জন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে মারা যান রকিব। পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান।
এদিকে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় বাঁধা দেন সেখানে থাকা শ্রমিকরা। তারা বিক্ষোভ করে ভাটার মালিক আমির হোসেনের ডিপজলকে দ্রুত গ্রেফতারের দাবি জানান।
এ বিষয়ে রামগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) কার্তিক চন্দ্র বিশ্বাস বলেন, তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসক ও ইউএনওসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাটি অবগত রয়েছেন।
বার্তা বাজার/এসজে