মুন্সীগঞ্জের সিরাজদিখানে রামকৃষ্ণদী এলাকায় ধলেশ্বরী নদীতে একটি যাত্রীবাহী নৌকা ডুবে গেছে। রবিবার রাত ৮ টার সময় এ ঘটনা ঘটে। এ সময় মাঝি এবং এক যাত্রী সাঁতার কেটে নদীর তীরে উঠতে পারলেও অপর যাত্রী নিখোঁজ রয়েছে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ ফয়েজুল ইসলাম।
ইউএনও সৈয়দ ফয়েজুল ইসলাম আরো জানান, রাত ৮ টায় মো.মামুন হোসেন(৪০) এবং তার ভগ্নিপতি বিদুৎ(৩৫) নৌকা যোগে ধলেশ্বরী নদীর চান্দেরচর থেকে রামকৃষ্ণদী আসার সময় মাঝ নদীতে একটি বাল্কহেডের ধাক্কায় নৌকাটি তলিয়ে যায়। এ সময় মাঝি আবু মিয়া এবং মামুন সাঁতরিয়ে নদীর তীরে উঠতে পারলেও মামুনের ভগ্নিপতি বিদুৎ নিখোঁজ রয়েছে। নিখোঁজ বিদুৎতের বাড়ী জেলার শ্রীনগর থানার হাসাড়া গ্রামে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের ইনচার্জ দেওয়ান আজাদ বার্তা বাজারকে জানান, আমাদের একটি ইউনিট উদ্ধার কাজে অংশ গ্রহণ করেন। রাতের অন্ধকারে উদ্ধার কাজ ব্যাহত হওয়ায় আগামী কাল সকালে আবার উদ্ধার কাজ শুরু করবেন।
মোঃ মিজানুর রহমান/বার্তাবাজার/ভিএস