সিলেট মহানগরীর আখালিয়া এলাকায় এক কিশোরকে চুরির অভিযোগ এনে হাত-পা বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে আব্দুল কুদ্দুস নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। শনিবার (২২ মে) সন্ধার দিকে নগরীর বিজিবি স্কুলের ভেতরে নিয়ে তাকে মারধর করা হয়।
মারধরে আহত কিশোরের নাম আল আমিন (১৬)। সে আখালিয়া নোয়াপাড়ার একটি কলোনীর আব্দুস শহিদের ছেলে। অপরদিকে অভিযুক্ত আব্দুল কুদ্দুস জালালাবাদ থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। তার মালিকানাধীন একটি ব্যাটারিচালিত অটোরিকশা চালাতো ভুক্তভোগী আল আমিন।
এ বিষয়ে আল আমিনের বাবা আব্দুস শহিদ জানান, দৈনিক ৩০০ টাকা চুক্তিতে তার ছেলে গত ৩ মাস ধরে আব্দুল কুদ্দুসের অটোরিকশা চালাতো। লকডাউনে আয় কম হওয়ায় প্রতিদিন ৩০০ টাকা দিতে অপারগতা জানায় আল আমিন।
শনিবার (২২ মে) বিকেলে গাড়ি গ্যারেজে বন্ধ করে আব্দুল কুদ্দুসকে গাড়ি চালাতে পারবে না বলে জানিয়ে আসে। ওই সময় আল আমিনকে গালমন্দ করেন কুদ্দুস। কিন্তু সন্ধ্যায় আল আমিনকে আবার ফোন করে বিজিবি স্কুলের কাছে ডেকে নেন গাড়ির মালিক কুদ্দুস।পরে স্কুলের ভেতর নিয়ে আল-আমিনকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়।
শহিদ জানান, তিনি ৯৯৯ কল দিলে জালালাবাদ থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। আল আমিন বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ বিষয়ে জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান বলেন, ৯৯৯ থেকে কল আসলে ঘটনাস্থল থেকে আল-আমিনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করি। আল-আমিনের পরিবারকে লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার/এসজে