জান্তা সরকারের বিরোধীতা করে বিক্ষোভ করায় মিয়ানমারে চাকরি হারিয়েছেন লক্ষাধিক শিক্ষক। রোববার (২৩ মে) বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এই তথ্য জানানো হয়।
দেশটির শিক্ষক ফেডারেশনের এক কর্মকর্তার বরাত রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে খুব শিগগিরই নতুন শিক্ষাবর্ষ শুরু হতে যাচ্ছে। কিন্তু শিক্ষক ও অভিভাবকদের অনেকেই অসহযোগ আন্দোলনের অংশ হিসাবে স্কুল বয়কট করে আসছেন। শনিবার আন্দোলনরত সেসব শিক্ষককেই চাকরিচ্যুত করা হয়েছে।
তাদের খবরে আরও বলা হয়, শিক্ষক ফেডারেশনের এক শিক্ষক জানিয়েছেন, মোট এক লাখ ২৫ হাজার ৯০০ শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। জান্তা সরকারে ওয়ান্টেড লিস্টে রয়েছেন ওই শিক্ষক। দুই বছর আগের এক হিসাব অনুযায়ী, মিয়ানমারে চার লাখ ৩০ হাজার শিক্ষক আছেন।
ওই শিক্ষক বলেন, এই বিবৃতিগুলো আসলে জনগণকে কাজে ফেরানোর জন্য হুমকি। তারা যদি আসলেই এতজন শিক্ষককে চাকরিচ্যুত করে, পুরো ব্যবস্থা ভেঙে পড়বে। কাজে ফিরে গেলে তার ওপর থেকে অভিযোগ তুলে নেওয়া হবে।
তবে এ বিষয়ে জান্তা সরকারের মুখপাত্র বা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। এদিকে দেশটির রাষ্ট্রীয় পত্রিকা গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার আহ্বান জানিয়েছে, যেন শীঘ্রই দেশটির শিক্ষাব্যবস্থা চালু করা হয়।
জানা যায়, অভ্যুত্থানের পর থেকে মিয়ানমারের শিক্ষা খাতের মতো স্বাস্থ্য ও অন্যান্য সরকারি খাত এবং বেসরকারি ব্যবসাও ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। শিক্ষক ফেডারেশন জানায়, প্রায় সাড়ে ১৯ হাজার বিশ্ববিদ্যালয় কর্মীকেও বরখাস্ত করা হয়েছে।
চলতি বছরের ১ ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে ক্ষমতা থেকে উচ্ছেদ করে ক্ষমতা দখল করে সামরিক জান্তা। এর প্রতিবাদে ফুঁসে ওঠে পুরো দেশ।
বার্তা বাজার/এসজে