ইসরায়েলের সাথে বাংলাদেশের বর্তমান সরকার নতুন করে প্রেম করতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (২৩ মে) রাজধানীর গুলশানে দলের চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজন করে তিনি এই মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ কথাটি লেখা থাকে। কিন্তু এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ই-পাসপোর্ট এটা নেই। যেটা আমাদের রাষ্ট্রীয় সিদ্ধান্ত, জনগণের সিদ্ধান্ত, সকল সরকারের সিদ্ধান্ত। ইসরাইল আমাদের শত্রু, পৃথিবীর শত্রু। ইসরায়েল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের জন্য হুমকি।
তিনি বলেন, ইসরাইল মানবাধিকারকে ধ্বংস করছে। আমরা ফিলিস্তিনি মানুষদের সমর্থন করি। গত কয়েকদিনে ফিলিস্তিনে শিশুসহ অনেক মানুষকে হত্যা করা হয়েছে। কয়েক বছর ধরে প্রায় তিন লাখ শিশু হত্যা করেছে। ইসরায়েল পৃথিবীর জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
ইসরায়েল গোয়েন্দাবৃত্তিতে বিশ্বে সেরা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ইসরায়েল কিন্তু গোয়েন্দাবৃত্তিতে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ। ওটা করেই সে এখন শক্তিশালী দেশ হয়েছে। ইসরায়েল থেকে এদেশে একটা বিশেষ সার্ভিলেন্স যন্ত্র সরবরাহ করা হয়েছে। এখন জনগণের মধ্যে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তাহলে কী সরকার আবারো ইসরায়েলের সাথে চুক্তি করতে যাচ্ছে?
সংবাদ সম্মেলনে বিএনপি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি নেতা মোস্তাফিজুর রহমান বাবুল, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বার্তা বাজার/এসজে