দেশীয় অস্ত্রসহ বিপুল পরিমান চোরাই সরঞ্জাম উদ্ধার
বরগুনার বেতাগী উপজেলার সরিষামুরি ইউনিয়নের বেতমোর এলাকার চিহ্নিত চোর এইচ এম রানা ওরফে সিদ্দিকের বাড়ী থেকে একটি দেশীয় পাইপগান, চার রাউন্ড গুলি, চারটি চাকু, চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামসহ বিপুল পরিমান চোরাই মাল উদ্ধার করা হয়েছে।
বেতাগী থানা পুলিশ রবিবার রাত ১টার দিকে অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। এ সময় সিদ্দিককে বাড়ীতে পাওয়া যায়নি। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) এস এম তারেক হাসান বরিবার বিকেলে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক হাসান বার্তাবাজারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি ও বেতাগী থানার অফিসার ইনচার্জ কাজী শাখাওয়াত হোসেন তপু ও থানার পরিদর্শক (তদন্ত) আব্দুস সালামসহ বেতাগী থানা পুলিশের একটি দল রবিবার রাত ১টার দিকে সিদ্দিকের বাড়ীতে অভিযান চালায়। অভিযানকালে দেশীয় অস্ত্র সহ বিপুল পরিমান চোরাই সরঞ্জাম ও মালামাল উদ্ধার করা হয়।
এ সময় সিদ্দিক বাড়ীতে না থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি, তবে তাকে আটক করার চেষ্টা চলছে। এলাকাবাসী জানান, সিদ্দিক এলাকার চিহ্নিত চোর। তিনি চুরি-ডাকাতির সাথে দীর্ঘদিন ধরে জড়িত।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/ভিএস