দেশের পাসপোর্টে আর ‘একসেপ্ট ইসরায়েল’ লিখা থাকছে না

দেশের পাসপোর্টে দীর্ঘদিন ধরে লেখা ‘ইসরায়েল ব্যতিত সকল দেশে এই পাসপোর্টের বৈধতা আছে’ বাক্যটি আর থাকছে না। তবে নতুন ই-পাসপোর্টে ইসরায়েলের না বাদ দেওয়া হলেও তাদের সাথে চলমান কূটনৈতিক পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

পাসপোর্টে ইসরায়েলের নাম বাদ দেওয়া প্রসঙ্গে রোববার (২৩ মে) গণমাধ্যমকে তিনি এই কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন ই–পাসপোর্ট থেকে ইসরায়েলের নাম বাদ দেওয়া হলেও দেশটির সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশের নীতিগত কোনো পরিবর্তন হয়নি, পররাষ্ট্র নীতির কোনো পরিবর্তন হয়নি। কারণ, বাংলাদেশ এখনো ইসরায়েলকে স্বীকৃতি দেয় না।

তিনি বলেন, বিষয়টি শোনার পর আমি আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করি। ওনার‌ কাছে জেনেছি, ছয় মাস আগে নতুন পাসপোর্ট ইস্যু করার পর ‘‘দিস পাসপোর্ট ইজ ভ্যালিড ফর অল কান্ট্রিজ একসেপ্ট ইসরায়েল’’ থেকে ‘একসেপ্ট ইসরায়েল’ অংশটি বাদ গেছে। এই পরিবর্তন করা হয়েছে পাসপোর্টের আন্তর্জাতিক মানের স্বার্থে।

পাসপোর্টের পরিবর্তনের মাধ্যমে ইসরায়েলের সাথে কুটনৈতিক অবস্থার কোনো সম্পর্ক নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এই পরিবর্তনে ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক পরিবর্তনের কিছু নেই। কারণ, আমরা তো ইসরায়েলকে স্বীকৃতি দিই না।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর