মোংলা বন্দরে তেলের ট্যাংকারে আগুন, নাবিক নিহত

মোংলা বন্দরে একটি তেলবাহী ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৩ মে) দুপুরে বন্দরের পশুর চ্যানেলে গ্রিন টাউন গ্যাস কোম্পানির জেটি সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আগুনে দগ্ধ হওয়া এক নাবিককে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বিষয়টি নিশ্চিত করে বন্দরের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন বলেন, দুপুরে পশুর নদীতে অবস্থানরত তেলের বোঝাই নৌযান এম টি সি-লিংক উৎসব নামক ট্যংকারে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় নৌযানটির ইঞ্জিনরুমে থাকা দুই নাবিক (গ্রিজার) আলী মিয়া ও ইয়াসির অগ্নিদদ্ধ হন।

তিনি আরও জানান, বন্দরের আগুন নিয়ন্ত্রণকারী জাহাজ এম টি সুন্দরবন আধঘণ্টা চেস্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আহত দুজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে আলি মিয়াকে খুলনা মেডিকেলে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এ বিষয়ে দুর্ঘটনারত শিকার ট্যাংকারের মাস্টার সৈয়দ আহাম্মদ জানান, মেঘনা পেট্রলিয়াম করপোরেশনের তেল বহনকারী ওটি সি-লিংক উৎসব নামক একটি ট্যাংকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে আহত হয়েছেন ট্যাংকারটির দুই কর্মচারী। আগুনে জাহাজটির ইঞ্জিনরুম সম্পূর্ণ পুড়ে গেছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর