ফরিদপুরে ৫টি মুজিব কেল্লা’র ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী
সারাদেশে একযোগে উদ্বোধনের অংশ হিসেবে ফরিদপুর জেলায় ৫টি মুজিব কিল্লার ভিত্তি প্রস্তর স্থাপন ও ত্রাণ গুদাম কাম দুর্যোগ তথ্য কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনলাইনের মাধ্যমে এ উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। ফরিদপুর অংশে সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক অতুল সরকার।
রোববার (২৩ মে) সকাল সাড়ে ১০ টায় ঘুর্ণিঝড় ও বন্যা আশ্রয় কেন্দ্রসহ ২১৫ টি স্থাপনার উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসকল স্থাপনার মধ্যে ফরিদপুরের সদর উপজেলার নর্থচ্যানেল মৌজায় মুজিব কিল্লা, সদরপুর উপজেলায় খাটারিয়া চর নাছিরপুর মুজিব কিল্লা, ভাঙ্গা উপজেলায় পাতরাইল দিঘির পূর্বপাশে মুজিব কিল্লা, নাছিরাবাদ মুজিব কিল্লা, চরভদ্রাসন উপজেলার চরঝাউকান্দা মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। একই সাথে জেলা ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়।
গণভবন থেকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধন ও ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে ফরিদপুর অংশে জেলা প্রশাসক অতুল সরকারসহ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্যা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আশিক আহমেদ, সহকারী কমিশনার (গোপনীয়) তারেক হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
মুজিব কিল্লাগুলো তিনটি টাইপে নির্মিত হবে। একতলা, দুইতলা ও তিনতলা বিশিষ্ট ইমারত নির্মাণ হবে। একাধিক কক্ষ থাকবে, যা বন্যা কবলিত ও অসহায় গৃহহীন মানুষের ব্যবহার করবে। এছাড়া থাকবে নিরাপদ সুপেয় পানির ব্যবস্থা সম্বলিত নলকূপ।
মিয়া রাকিবুল/বার্তাবাজার /ই.এইচ.এম