তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ-শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের।
রানের খাতা না খুলেই সাঝঘরে ফিরেন ওপেনার লিটন দাস। ইনিংসের দ্বিতীয় ওভারেই দুশমন্থ চামিরার বলে প্রথম স্লিপে ধনাঞ্জয়া ডি সিলভার হাতে ক্যাচ দিয়ে ফিরেন তিনি।
তিনে নেমে ইনিংস বড় করতে ব্যর্থ হন সাকিব আল হাসান। ৩৪ বলে ১৫ রান করে গুনাথিলাকার বলে লং অনে নিশাঙ্কার হাতে ধরা পড়ে ফিরেন তিনি। সাকিবের বিদায়ের পর হাফসেঞ্চুরি তুলে নেন তামিম।
৬৬ বলে ৬ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের ৫০তম হাফসেঞ্চুরি তুলে নেন তামিম। কিন্তু ৫২ রান করে ধনাঞ্জয়ার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরেন তিনি। এরপরের বলেই মোহাম্মদ মিঠুন এলবিডব্লিউর শিকার হয়ে ধনাঞ্জয়ার দ্বিতীয় শিকার হন।
টানা দুই উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে বাংলাদেশ। তবে সেখান থেকে মুশফিক ও মাহমুদউল্লাহর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুর্দান্ত ব্যাটিংয়ে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন মুশফিক। কিন্তু ১৬ রান বাকি থাকতে সাঝঘরে ফিরেন তিনি।
৮৭ বলে ৪ চার ও ২ ছয়ে ৮৪ রান করে সান্দাকানের বলে উদানার হাতে ধরা পড়েন তিনি। মুশফিকের বিদায়ের পর অবশ্য হাফসেঞ্চুরি তুলে নেন মাহমুদউল্লাহ। ৬৯ বলে ২ চার ও ১ ছয়ে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪৫ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১৫ রান।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কা একাদশ: কুশল পেরেরা (অধিনায়ক), দানুশকা গুনাথিলাকা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ধনাঞ্জয়া ডি সিলভা, দাসুন শানাকা, আশেন বান্দারা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ইসুরু উদানা, লাকসান সান্দাকান, দুশমান্থ চামিরা।
বার্তাবাজার/নব