কুড়িগ্রামে ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার করছেন স্বাস্থ্য কর্মকর্তা

কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামানের বিরুদ্ধে ব্যক্তিগত কাজে সরকারি (জীপ) গাড়ি ব্যবহারের অভিযোগ উঠেছে। এ নিয়ে উপজেলা শহরটিতে কয়েকদিন ধরে সচেতন মহলে বেশ আলোচনা-সমালোচনা চলছে।

স্থানীয় কিছু স্বাস্থ্য কর্মচারীদের দেয়া তথ্যমতে জানা যায়,ডাঃ আসাদুজ্জামান ৩ মাস হলো উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন। এরপর থেকেই মন্ত্রণালয়ের দেওয়া আদেশের ভ্রুক্ষেপ না করেই গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন তিনি। কখনো মার্কেটে নিয়ে যান,কখনো ঘুরতে বের হন সরকারি এই গাড়ি নিয়ে। এছাড়াও সরকারি নির্দেশনা অমান্য করে ঈদের ৩য় দিন গত রবিবার (১৬ মে) সরকারি কাজে ব্যবহৃত জীপ (ঢাকা মেট্রো ঘ-১৮-৫৯২৭) গাড়িটি নিয়ে নিজ বাড়ি চাঁপাইনবাবগঞ্জে যান ওই কর্মকর্তা।

নাম প্রকাশে অনিচ্ছুক হাসপাতালের এক কর্মচারী বলেন, যোগদানের পর থেকে মাঝে মাঝেই গাড়িটি ব্যক্তিগত কাজে ব্যবহার করেন আমাদের স্যার,কখনো ঘুরতে যান,কখনো বাড়ি যান গাড়িতে করে। সরকারি ঐ গাড়ির চালক জাহিদুল ইসলাম বলেন, “আমি হুকুমের গোলাম,স্যার আমাকে যেখানে বলেন আমি সেখানে যাই। তেনার বাড়িতে স্যার আমাকে নিয়ে গেছেন।”

অভিযোগের বিষয়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.আসাদুজ্জামান বলেন,”দেখুন আমি একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান।আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে গাড়িটি ব্যবহার করছি,এখানে আমি আর ব্যক্তি নই। তাছাড়া আমি ঈদের পরে গাড়িটি মেরামত করার জন্য নিয়ে গিয়েছিলাম,বেড়ানোর জন্য নিয়ে যাইনি ।”

এ বিষয়ে কুড়িগ্রামের জেলা সিভিল সার্জন ডা.হাবিবুর রহমান বলেন,”বিষয়টি জানি না,আপনার মাধ্যমে জানতে পারলাম। সরকারি গাড়ি কর্মকর্তার ব্যক্তিগত কাজে ব্যবহার করার সুযোগ নেই। যদি এমনটা হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর